পটুয়াখালীর মহিপুর থানার বিশেষ অভিযানে ৫টি মাদক মামলার এজাহারনামীয় ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শানু গাজীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলীপুর থ্রী পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শানু গাজী মহিপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার মৃত ইউসুফ গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া সাতটার দিকে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ দল মহিপুর ব্রিজের উত্তর-পশ্চিম পাশে মোঃ শাহজাহান হাওলাদারের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর পাহলান (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শানু গাজী কৌশলে পালিয়ে যান।
ওই ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীর পাহলান ও পলাতক শানু গাজীর বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর-৩, তারিখ: ০৮/০৯/২০২৬ খ্রি., জিআর-১১৪) রুজু করা হয়।
মামলার পর থেকেই পলাতক শানু গাজীকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা ৯ সেপ্টেম্বর আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরবর্তীতে পিসিপিআর (পূর্বাপর অপরাধের রেকর্ড) যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ৫টি মামলা রয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের আইনের আওতায় আনতে মহিপুর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

















