পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ১:৪০ মিনিটে মহিপুর থানাধীন নজীবপুর এলাকার পানামা বরফ মিলের পূর্ব পাশের ফাঁকা জায়গায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ দুলাল মাতুব্বরকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি মহিপুর থানার ইউসুফপুর গ্রামের মৃত সেকান্দার আলী মাতুব্বর ও জবেদা বেগম দম্পতির ছেলে। এ সময় মাদক কেনাবেচায় তাকে সহায়তা করার অভিযোগে মোঃ মাসুম হাওলাদার ওরফে মাসুদকেও (৪৬) গ্রেফতার করা হয়। তিনি মহিপুর থানার বিপিনপুর গ্রামের আ. রহিম হাওলাদার ওরফে কালু ও রাহিমা বেগমের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা (নম্বর-১৩, তারিখ: ১৪-০৯-২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানান, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কাজ চলছে।
















