পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ বায়জিদ হাওলাদার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃইদ্রিস আলী ওরফে নুডুলস (৪৭) নামের আরেক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে বায়জিদকে আটক করা হয়। গ্রেফতারকৃত বায়জিদ হাওলাদার মহিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিপুর গ্রামের মোঃ আঃ জলিল হাওলাদারের ছেলে। পালিয়ে যাওয়া ইদ্রিস আলী লতাচাপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বায়জিদ হাওলাদারকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হলেও তার সহযোগী ইদ্রিস আলী পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (নম্বর-০৭, তারিখ- ১১/০৯/২০২৬ খ্রি:) রুজু করা হয়েছে।
এদিকে পুলিশের এই নিয়মিত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তবে সচেতন নাগরিক সমাজের অভিমত, কেবল খুচরা বিক্রেতা বা মাদক সেবনকারীদের আইনের আওতায় আনা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে গডফাদার ও বড় বড় মাদক ব্যবসায়ীরা। মাদকের শেকড় উৎঘাটন করতে হলে এসব মূল হোতাদেরও দ্রুত আইনের মুখোমুখি করা জরুরি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে মহিপুর থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















