পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল কক্ষে অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃমিলন নাজির (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মহিপুর থানা এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন পৌর ভবন সংলগ্ন ‘হোটেল মেঘনা (আবাসিক)’-এর দ্বিতীয় তলার ২০৩ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় ওই কক্ষ থেকে ৩৪ পিস ইয়াবাসহ মিলন নাজিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন নাজির পটুয়াখালী জেলার মহিপুর থানার মহিপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের ইউসুফপুর গ্রামের মোঃ ছোবাহান নাজির ও কহিনুর বেগম দম্পতির ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নম্বর-১৬, তারিখ: ১৭-০৯-২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক ও অপরাধ দমনে মহিপুর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

















