পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হঠাৎ ধেয়ে আসা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কালাম (৫৫) ও শহীদ (৫৭) নামে দুজন জেলে নিখোঁজ রয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন গভীর সাগরে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দর থেকে গভীর সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল।
স্থানীয় ও উদ্ধার হওয়া জেলেদের সূত্রে জানা যায়, দুলাল মাঝির পরিচালনায় ট্রলারটি সাগরে মাছ ধরা শেষে মহিপুর মৎস্য বন্দরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আবহাওয়া চরম বৈরী হয়ে ওঠে। বাতাসের তীব্র গতিবেগ ও সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে মুহূর্তের মধ্যেই ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
উদ্ধার হওয়া জেলেরা জানান, দুর্ঘটনার সময় নিখোঁজ কালাম ও শহীদ ট্রলারের কেবিনের ভেতরে ছিলেন। ট্রলারটি উল্টে গেলে কেবিনের ভেতরেই তারা আটকা পড়েন এবং দ্রুত তলিয়ে যান। কোনো উপায়ান্তর না দেখে বাকি ১২ জন জেলে উত্তাল সাগরে ভেসে থেকে বাঁচার লড়াই শুরু করেন।
সাগরের উত্তাল ঢেউ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ১২ জন জেলে টানা প্রায় ১২ ঘণ্টা ভেসে ছিলেন। অবশেষে বুধবার ভোরে ভাগ্যক্রমে ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি মাছ ধরার বোটের চোখে পড়েন তারা। পরে ওই বোটের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন: দুলাল মাঝি, কামাল (৩৫), মনির (৩৮), ইমরান (২৫), জামাল (৩৫) এবং শামীম (৩২)-সহ মোট ১২ জন।
নিখোঁজ জেলে কালাম ও শহীদকে উদ্ধারের জন্য স্থানীয় জেলেদের কয়েকটি দল সাগরে তল্লাশি চালাচ্ছে। তবে সাগরের অবস্থা এখনও উত্তাল থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। এদিকে, নিখোঁজদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে মহিপুর এলাকা ভারী হয়ে উঠেছে।
নিখোঁজদের পরিবারের দাবি, দ্রুত কোস্টগার্ড ও নৌবাহিনীকে উদ্ধার অভিযানে নামানো হোক।
এ বিষয়ে মহিপুর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সাগরে ট্রলার ডুবি বা জেলে নিখোঁজের বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। নিখোঁজদের পরিবার বা ট্রলার মালিক পক্ষ যোগাযোগ করলে সব ধরনের আইনগত ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ।
এইমাত্র পাওয়াঃ
আজকের শিরোনামঃ
কুয়াকাটায় ঝড়ে কবলে ট্রলার ডুবি: ১২ জেলের অলৌকিক প্রাণরক্ষা, নিখোঁজ ২
জনপ্রিয় সংবাদ











