পটুয়াখালীর মহিপুরে মনোহরপুরস্থ শ্রী শ্রী রাধাবৃন্দাবন চন্দ্র ইসকন মন্দিরে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৬’ উদযাপিত হচ্ছে। শনিবার (১৮ জুলাই) রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।
সকাল থেকেই রথযাত্রায় অংশ নিতে মন্দিরে ভিড় জমান ভক্তরা। দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মূল রথযাত্রা শুরুর পর ভক্তরা রশি টেনে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফউজ্জামান, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার এবং ইসকন পটুয়াখালীর অধ্যক্ষ শ্রীপাদ দুর্লভ প্রেম দাস ব্রহ্মচারী প্রভু।
সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে মহিপুর থানা বিএনপি সভাপতি জলিল হাওলাদার বলেন, “আমাদের সমাজে ‘সংখ্যালঘু’ বলে কোনো বিভাজন থাকা উচিত নয়। আমরা সবাই এই সমাজের মানুষ; ধর্ম যার যার, দেশটা সবার।” তিনি আরও জানান, এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় মহিপুর থানা বিএনপি রথযাত্রার শুরু থেকেই সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ জানান, রথযাত্রা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওসি স্যারের নির্দেশে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। আমরা এই রথযাত্রার সার্বিক মঙ্গল কামনা করি।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবারও উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা এখন ধর্মীয় উৎসবের আমেজে মুখরিত।










