পটুয়াখালীর মহিপুর থানাধীন কুয়াকাটা পৌর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাবিবুর রহমান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাবিবা আবাসিক হোটেল সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হাবিবুর রহমান লতাচাপলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিশ্রিপাড়া গ্রামের হাজী মোঃইয়াসিন হাওলাদার ও আমেনা খাতুন দম্পতির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে রণপাহাড়া ডিউটি করার সময় কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ লাবিবা আবাসিক হোটেল সংলগ্ন পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার অপর এক পলাতক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করেন।
এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর-০৯) রুজু করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মোঃ আবু হানিফ ফরাজীকে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার বলেন, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অপর সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










